সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৫৮ পিএম
সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএন