মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকিসহ একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে সানোয়ার হোসেন পলাশ নামের এক ব্যক্তির বাড়ির প্রধান ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম প্রাতঃভ্রমণে বের হন। এসময় তিনি সানোয়ার হোসেনের গেটের সামনে কালো টেপে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে হাতে লেখা একটি চিরকুট সাঁটানো ছিল, যেখানে লেখা ছিল- ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই’। এমন হুমকিমূলক বার্তা দেখে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা সতর্কতার সাথে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পানিভর্তি একটি বালতিতে ডুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। পরে সেটি পরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুটি আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এই ভীতি প্রদর্শন ও হুমকির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে গাংনী উপজেলার মটমুড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। রাতের আঁধারে বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পর তেঁতুলবাড়িয়া গ্রামে সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন