চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোজাম্মেল পাটওয়ারী (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে মো. বশির (৪৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, সাজাপ্রাপ্ত আসামি বশির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। এলাকায় মাদক বিক্রির সময় মোজাম্মেল প্রায়ই তাকে বাধা দিতেন। একবার মাদক মামলায় পুলিশ বশিরকে গ্রেপ্তার করলে সে সন্দেহ করে যে, মোজাম্মেলই পুলিশকে তথ্য দিয়েছে। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ২০১২ সালের ২০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির সামনে মোজাম্মেলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বশির ও তার পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পরদিন ২১ ডিসেম্বর মোজাম্মেলের মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের মা মরিয়ম বেগম ২০১২ সালের ২২ ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানায় বশিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন এসআই মো. নাজমুল হক কামাল তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কুহিনুর বেগম জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত বশির রহমতপুর আবাসিক এলাকার মৃত তাজুল ইসলাম মেম্বারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন