আটঘরিয়ায় জোলা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:২৭ পিএম
আটঘরিয়ায় জোলা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠ সংলগ্ন জোলা (ছোট খাল) থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠে কাজ করতে গিয়ে জোলার কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা আমাকে ফোনে লাশের বিষয়টি জানান। আমি সেখানে পৌঁছে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়।

মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে জোড়গাছা বাজারসহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি একজন ভাসমান ব্যক্তি ছিলেন।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তিনি বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর