জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে পিতা ও পুত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে পৌর এলাকার উত্তর কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর কালিকাপুর এলাকার নুরু শেখ (৬০) এবং তার ছেলে হাবিব (২২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর কালিকাপুর এলাকায় নিজেদের বাড়ির পাশের একটি কাঠ বাগানে পিতা ও পুত্র মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবন ও বহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, অভিযুক্তরা মাদক সেবন ও বহনের বিষয়টি স্বীকার করেছেন। সমাজকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন