নাগরপুরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:৩২ পিএম
নাগরপুরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার দুপুরে নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম এবং নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ।

উপজেলার শ্রেষ্ঠ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা তিনটি রাউন্ডে অংশগ্রহণ করে নিজেদের যুক্তি, বুদ্ধিমত্তা ও মেধার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিল, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণ।”

সেমিফাইনালের বিষয় ছিল, “ডিজিটাল প্রযুক্তির ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে।” আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- “আইন নয়, সামাজিক সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “সততা ও নৈতিকতার আদর্শে বলীয়ান হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুভ্রতা”- এই প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এএন