ফেনীতে মুঠোফোনে মুক্তিপণ দাবির দুই দিন পর নিখোঁজ হাসান (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমান উল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।
শিশুটির বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যার দিকে একটি মোবাইল নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুকে হত্যার হুমকিও দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় পরদিন রোববার দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশের তদন্তে দেখা গেছে, হুমকি দেওয়া মোবাইল নম্বরটির অবস্থান নওগাঁ জেলায়। এটি কোনো সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ শিশুকে ফিরে পাওয়ার আশায় থাকা পরিবারের স্বপ্ন ভেঙে গেছে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন