ভোক্তা অধিকারের অভিযান

পেট্রোল পাম্পে ওজনে কম ও মিষ্টিতে তেলাপোকা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৩:৩২ পিএম
পেট্রোল পাম্পে ওজনে কম ও মিষ্টিতে তেলাপোকা

টাঙ্গাইলের ভূঞাপুরে ওজনে তেল কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযানকালে বাহাদিপুর এলাকায় অবস্থিত ‘ভাই-বন্ধু ফিলিং স্টেশন’-এ পরিমাপে তেল কম দেওয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ওই পাম্পে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। এই জালিয়াতির অপরাধে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টির কারখানায় অভিযান চালায় অধিদপ্তর। সেখানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। এমনকি মিষ্টির ওপর তেলাপোকা ও মাছি পড়ে থাকতে দেখেন কর্মকর্তারা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেএইচআর