তালায় বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৪০ পিএম
তালায় বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতাদের জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। নেতৃবৃন্দ দাবি করেন, এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই স্বার্থান্বেষী মহল এমন কর্মকাণ্ড চালাচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়, যারা ভুয়া আইডি ব্যবহার করে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে। একই সাথে নেতাকর্মী ও সাধারণ মানুষকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।

জেএইচআর