ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৩৫ পিএম
ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। 

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। চালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আউলিয়ানগর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিনের নিচের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ইঞ্জিনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি কিংবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ইঞ্জিন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে থাকা ট্রেনটি নিরাপদ ঘোষণা করা হলে এবং ত্রুটি মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।

জেএইচআর