পীরগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৪৬ পিএম
পীরগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আধুনিক কৃষির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র অফিসার সঞ্জয় দেবনাথ, পীরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং প্রবীণ সাংবাদিক মেহের এলাহী।

বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন আনা সম্ভব। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা প্রবর্তনের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আঃ আলিম। এছাড়াও পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে ছয়টি স্টলে দেশীয় বিভিন্ন ফল ও ফসলের প্রদর্শনী স্থান পায়, যা আগত কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

জেএইচআর