রাজশাহীতে আইনশৃঙ্খলা উন্নয়নে আরএমপির বিশেষ সভা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০২:৪৬ পিএম
রাজশাহীতে আইনশৃঙ্খলা উন্নয়নে আরএমপির বিশেষ সভা

রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। এছাড়া মহানগরীতে ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন।

নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে সভায় কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়, ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও জব্দ করতে হবে। পাশাপাশি বাস ও ট্রেনে আগত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও স্টেশন এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করার তাগিদ দেওয়া হয়।

মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং র‌্যাব-৫ (রাজশাহী), সিআইডি (রাজশাহী), নৌ-পুলিশ (রাজশাহী অঞ্চল) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (রাজশাহী) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএন