আইনজীবীরা যদি রাজনৈতিক লেজুরবৃত্তি পরিহার করে স্বাধীনভাবে আইনচর্চা করেন, তবে দেশের সামগ্রিক পরিবেশ বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার বিকেলে গাজীপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, গাজীপুর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অ্যাডভোকেট শিশির মনির নবীন আইনজীবীদের কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে বলেন, পেশার প্রথম পাঁচ বছর সূর্যোদয়-সূর্যাস্ত দেখার প্রয়োজন নেই। ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে বই, গবেষণা আর আদালতের চর্চায় ডুবে থাকতে হবে। সাধনা করলে যশ ও প্রতিপত্তি এমনিতেই আসবে।
তিনি আইনজীবীদের মেধা ও সাহসের ওপর গুরুত্বারোপ করে বলেন, আইনজীবীর মস্তিষ্ক স্বাধীন হওয়া চাই। সাদা ও কালোকে আলাদা করার সাহস থাকতে হবে। আইনজীবীরা যখন বুঝে না বুঝে রাজনৈতিক লেজুরবৃত্তি করেন, তখন তা বিস্ময়কর ও হতাশাজনক।
তরুণ আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, “মানুষের সঙ্গে মোমবাতির মতো নরম হয়ে কথা বলবেন, কিন্তু আদালতে দাঁড়াবেন বাঘের মতো যুক্তি নিয়ে। সম্মান জোর করে বা ক্ষমতার দাপটে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।” তিনি সিস্টেমের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সিনিয়রদের প্রতি অনুগত থাকার পরামর্শ দেন।
গাজীপুর বারের সভাপতি মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দীন, মো. জাহাঙ্গীর আলম, গাসিক মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান এবং ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাহীন মিয়া। এছাড়াও গাজীপুর বারের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান কামালসহ স্থানীয় সিনিয়র আইনজীবীরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন