কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় ব্যাপক 'খাল পুনঃখনন কর্মসূচি' শুরু হয়েছে।
মঙ্গলবার উপজেলার সারাই ইউনিয়নের ধুমগাড়া নদী ও কুর্শা ইউনিয়নের সিঙ্গারকুড়া এলাকায় এই পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আমিন।
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এই খনন কাজ পরিচালিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। এটি সম্পূর্ণ জনস্বার্থে বাস্তবায়ন করা হচ্ছে। খাল পুনঃখননের ফলে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকরা বাড়তি সেচ সুবিধা পাবেন।
তিনি আরও জানান, ধুমগাড়া নদী খননের পর এর দুই পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক উল্লেখ করেন যে, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় জনগণকে খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহহুর রহমান, এলজিইডি প্রকৌশলী মনিরুল ইসলাম এবং সারাই ও কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন