পরিবেশ রক্ষায় ব্যক্তিগত সচেতনতা ও ছোট ছোট অভ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ের ছোট ছোট পরিবর্তনই পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিবেশ অধিদপ্তরের ‘মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
বক্তব্যকালে জেলা প্রশাসক নিজের জীবনের কিছু অভ্যাসের কথা তুলে ধরেন। তিনি জানান, ব্যবহৃত টিস্যু যেখানে-সেখানে না ফেলে তিনি তা পকেটে রেখে দেন এবং বাসায় গিয়ে ডাস্টবিনে ফেলেন। এছাড়াও শব্দ দূষণ রোধে তিনি সবসময় নিজের ফোন সাইলেন্ট বা নীরব রাখেন, যাতে অন্য কেউ বিরক্ত না হন।
পরিবেশ দূষণকারীদের কঠোর সমালোচনা করে জেলা প্রশাসক বলেন, সব ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা রয়েছে। যারা কলকারখানায় ইটিপি ব্যবহার করছেন না, অহেতুক গাড়ির হর্ন বাজাচ্ছেন কিংবা যত্রতত্র ময়লা ফেলছেন, তারা মূলত অমানবিক কাজ করছেন। তিনি সবাইকে মানবিক মূল্যবোধ জাগ্রত করে সুঅভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
সভায় অন্যান্য বক্তারা জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। সংকট মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবেশকর্মীরা এই সভায় অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন