সিরাজগঞ্জের শাহজাদপুরে শাশুড়ির পরকীয়া দেখে ফেলায় তা পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ তাসলিমা (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিন হোসেনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের কন্যা।
জানা যায়, প্রায় ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে এবং দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল। তবে সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির পরকীয়া সম্পর্ক দেখে ফেলেন এবং বিষয়টি পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করেন। এরপর থেকেই তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
স্বজনদের অভিযোগ, এই নির্যাতনের ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতের কোনো এক সময় তাসলিমাকে হত্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পরপরই শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে চলে যায়।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন