গাজীপুরের কালিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক খামারির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারি মো. অহিদুল আলমকে একটি উন্নত জাতের দুধেল গাভী উপহার দেওয়া হয়েছে।
বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার নরুন গ্রামে অহিদুল আলমের হাতে গাভীটি তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
কিছুদিন আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অহিদুল আলমের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনায় চারটি গরু মারা গেলে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এই বিপর্যয়ের খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
উপহার হস্তান্তরের সময় মো. খায়রুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি হলো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। ক্ষতিগ্রস্ত ভাইয়ের হাতে একটি দুগ্ধবতী গাভী তুলে দিতে পেরে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিন ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। এছাড়া জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরিশেষে খায়রুল হাসান এই মানবিক কাজে যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খামারি অহিদুল আলমের এই গাভীর মাধ্যমে আর্থিক সচ্ছলতা ফিরে আসার দোয়া করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন