ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই, ১১ পরিবার নিঃস্ব

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:১৫ পিএম
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই, ১১ পরিবার নিঃস্ব

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের অন্তত ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার দুপুরে উপজেলার উত্তর সাহেবগঞ্জ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ২০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, আগুনে ঘরবাড়ি ও মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম জানান, দুপুরে রান্নার কাজ শেষ করে গোসল করতে যাওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। চোখের সামনে সব শেষ হয়ে গেলেও তারা কিছুই রক্ষা করতে পারেননি। 

আরেক ভুক্তভোগী ইমরান হোসেন বলেন, আগুনের তাণ্ডবে আমাদের ঘরের কোনো জিনিসপত্র আর অবশিষ্ট নেই। আমরা এখন পুরোপুরি নিঃস্ব।

খবর পাওয়ার পর ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির ক্ষতিগ্রস্তদের বর্তমান অবস্থাকে অত্যন্ত করুণ বলে উল্লেখ করেছেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হবে।

জেএইচআর