পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে সালেহা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সালেহা উপজেলার দর্জিপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে গরু বাঁধতে গিয়েছিলেন সালেহা। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, চিকিৎসার জন্য সময়মতো অ্যান্টিভেনম না পাওয়ায় সালেহার মৃত্যু হয়েছে। নিহতের জামাতা নাজমুল অভিযোগ করেন, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের প্রয়োজনীয় অ্যান্টিভেনম পাওয়া যায়নি।
পঞ্চগড়ে আনতে অতিরিক্ত সময় লেগে যাওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সঠিক সময়ে চিকিৎসা ও অ্যান্টিভেনম পেলে তাকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন তারা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে যখন রোগীকে আনা হয়, তখন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসা সেবা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় দর্জিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার দাবি জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন