বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০২:৪৬ পিএম
বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সক্রিয় সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করা হয়। এর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে।

এই তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বড়লেখার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালায়। দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের পর দুপুরের দিকে ওই এলাকার একটি উঁচু টিলা থেকে মাহেদকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা যায়, গ্রেপ্তারকৃত মাহেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। রেড অ্যালার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে পুলিশকে জানিয়েছে।

জেএইচআর