বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৩:৪৮ পিএম
বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

বরিশালে পাওনা টাকাকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

শুক্রবার ভোরে ফজরের নামাজের পর বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

নিহত ব্যবসায়ীর নাম বাবু সিকদার (৩০)। তিনি পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের ভাই নাঈম হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং লিডার ‘টোকাই মধু’র সাথে বাবুর বিরোধ তৈরি হয়। এর জেরে ভোরে টোকাই মধুর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাবুর ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা কিশোর গ্যাংয়ের দুই সদস্য- ‘কালা শহীদ’ ও ‘মটু সিয়াম’কে আটকে গণধোলাই দেয়। পরে তাদের কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাংয়ের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর