দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাখাওয়াত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন শালিকাদহ এলাকার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাখাওয়াত হোসেনের চারটি হাঁস বাড়িতে ফিরে আসেনি। এর জেরে শুক্রবার সকালে স্ত্রীকে সাথে নিয়ে তিনি হাঁসগুলো খুঁজতে বের হন। প্রথমে নদীর এপাড়ে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি সাঁতরে করতোয়া নদীর ওপাড়ে যান। সেখানেও হাঁসগুলোর খোঁজ না পেয়ে ফের সাঁতরে নদী পার হওয়ার সময় মাঝপথে হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি।
সাখাওয়াত হোসেন পানিতে তলিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন