পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় একটি মুখপোড়া বা কালোমুখো হনুমানকে ঘুরে বেড়াতে দেখা গেছে। হনুমানটি দ্রুত স্থান পরিবর্তন করছে। একবার মহল্লায়, আরেকবার বাজার এলাকায়- এভাবে এদিক-সেদিক বিচরণ করছে।
রোববার দুপুরে এমনই একটি মুখপোড়া হনুমানের দেখা মেলে উপজেলার শ্রীরামকাঠী এলএসডি গোডাউন এলাকায়। এ সময় হনুমানটি নিচে নেমে আসে। এতে কৌতূহলী মানুষজন জড়ো হয়ে পড়ে। কেউ কেউ মোবাইল ফোনে ছবি তোলে।
নাজিরপুর সদর, চৌঠাইমহল বাসস্ট্যান্ড, জয়পুর, ভীমকাঠি ও শ্রীরামকাঠী বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে এ মুখপোড়া হনুমানটির দেখা মিলছে।
যশোরের কেশবপুরে এদের আদি বাস। খাবারের অভাবে হনুমানগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কলাবাহী ট্রাকে চড়ে হনুমানটি এসেছে বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে দেখা গেছে, খাবার দেখলেই মানুষের কাছে ছুটে আসে হনুমানটি। শুরুতে এলাকাবাসী ভয়ে কাছে যেতে চাইত না। আক্রমণের আশঙ্কায় অনেকে তাড়িয়ে দিত। তবে এখন এটি অনেকের পরিচিত প্রাণী হয়ে উঠেছে। অনেকে রাস্তায় দেখা পেলেই খাবার দেন, কেউ কেউ সামনে পানিভর্তি বালতিও রাখেন। হনুমানটি ডাক দিলে মানুষের কাছেও ছুটে আসে এবং আগের মতো আক্রমণাত্মক আচরণ করছে না। কখনো একা, আবার কখনো দলবদ্ধভাবে পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছে প্রাণীটি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন