কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর বিশিষ্ট ব্যবসায়ী ও মুন স্টুডিওর স্বত্বাধিকারী জিল্লুর রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার তাঁর নিজস্ব ডিসপোজেবল কাপ তৈরির কারখানা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জিল্লু রহমান দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে কটিয়াদী বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিন ধরে জিল্লু রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। আজ তাঁর নিজ কারখানায় অর্ধগলিত লাশ পাওয়া গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জিল্লু রহমান কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচনেও একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ব্যবসায়ী মহলে তিনি একজন সদালাপী, মিশুক ও অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এদিকে কটিয়াদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। গত শুক্রবারও উপজেলার উত্তর পূর্বচর পাড়াতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে। একের পর এক এমন নৃশংস হত্যাকাণ্ডে কটিয়াদীবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহলের দাবি, কটিয়াদীর মতো শান্ত এলাকায় এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ প্রয়োজন। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, আমরা এখন কোথায় নিরাপদ? জিল্লুর ভাইয়ের মতো একজন ভালো মানুষের যদি এই পরিণতি হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হোক এবং প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন