নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে রোধ, শিশুদের সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে এটি শেষ হয়। র্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক এসব সমস্যা সমাধানে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান এবং গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন