প্রকৃত কৃষকরাই পাবেন কার্ড, বিভ্রান্তির কোনো সুযোগ নেই: পিরোজপুরে কৃষক সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:৩৬ পিএম
প্রকৃত কৃষকরাই পাবেন কার্ড, বিভ্রান্তির কোনো সুযোগ নেই: পিরোজপুরে কৃষক সমাবেশ

প্রান্তিক ও গ্রামীণ অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে সরকার। ইতোমধ্যে পাইলটিং প্রকল্প চালু হয়েছে এবং পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এসব কর্মসূচির কোথাও কোনো ভুল হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত দাবিদাররাই কার্ড পাবেন, এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই।

মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হন অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষক-খামারি-জেলেদের উৎপাদিত শস্য, সবজি, মাছ ও মাংস খেয়েই আজ মন্ত্রী, নীতি-নির্ধারক বা বড় বড় কর্মকর্তা সৃষ্টি হয়েছে। তাই কৃষকদের প্রতি দেশের সকল স্তরের মানুষের দায় আছে। এই দায়বদ্ধতা থেকেই তাঁদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দশ অগ্রাধিকার প্রকল্পে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত করেছেন।

যেকোনো মধ্যস্বত্বভোগী বা দালালের কাছে কার্ডের বিষয়ে তথ্য কিংবা টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী বলেন, সংশ্লিষ্ট দপ্তর ছাড়া অন্য কারো তথ্যের ওপর কোনোভাবেই নির্ভর করা যাবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের অনেক উন্নত দেশেই কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কার্ড চালু আছে। কিন্তু বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে সরকার এক কার্ডের মাধ্যমেই কৃষকদের ১০ রকমের বহুমুখী সুবিধা দিচ্ছে। সমাবেশে স্থানীয় বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর