পবিত্র কুরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১১ পিএম
পবিত্র কুরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার  ভোরে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন চন্দ্র দাস গৌরীপুর উপজেলার মাঝিপাড়া গ্রামের সাধন চন্দ্র দাসের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজে স্নাতক (অনার্স) পর্যায়ে অধ্যয়নরত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত শাওন চন্দ্র দাস পবিত্র আল-কুরআনের ওপর পা রেখে একটি ছবি তুলে তাঁর ব্যক্তিগত ‘ইমু’ আইডিতে প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গৌরীপুর পৌরসভার মডেল মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে উত্তেজিত কিছু লোক অভিযুক্তের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালালে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয়।

পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গৌরীপুর থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

জেএইচআর