বাড়ি ফেরার পথে বাসচাপায় গরুর বেপারীর মৃত্যু, গুরুতর আহত ২

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:৫৭ এএম
বাড়ি ফেরার পথে বাসচাপায় গরুর বেপারীর মৃত্যু, গুরুতর আহত ২

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো. আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউলের ছেলে। এছাড়া আহতরা হলেন একই এলাকার মো. ছকেল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৪৮) এবং মো. আদম কাজীর ছেলে মো. কলম কাজী (৩৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো. এনামুল মন্ডল বলেন, নিহত ও আহত তিনজনই গরুর বেপারী। তারা রাত আনুমানিক ১০টার দিকে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তারা তিনজন এক মোটরসাইকেলে ছিলেন। মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের রাজবাড়ীতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আমিন বকাউলকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব দে সরকার মো. আমিন বকাউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএন