নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় অব্যবস্থাপনা ঘটলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:০৮ পিএম
ঈদযাত্রায় অব্যবস্থাপনা ঘটলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে

এবার ঈদযাত্রায় কোথাও কোনো অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে ওই কর্ম এলাকার সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে সবার আগে জবাবদিহিতার আওতায় আনা হবে। এটাই প্রধানমন্ত্রীর নির্দেশনা- এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে দেখা যেত, কোনো ঘটনা ঘটলেই নিচের দায়িত্বপ্রাপ্তদের ওপর দায় চাপিয়ে ঊর্ধ্বতনরা পার পেয়ে যেতেন। কিন্তু এবার প্রধানকেই দায়ী করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতোমধ্যে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা করা হবে ঘরমুখো মানুষদের নিরাপদে প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়ার এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য।

নিরাপদ যাত্রা নিশ্চিতের জন্য যাত্রীদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনসহ ঈদের সার্বিক প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন। এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, কর্মকর্তা এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন