বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের আলোচিত প্যানেল চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের হারতা ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম তালুকদার (৪৫) এবং তাঁর সহযোগী সিরাজুল ইসলাম সিরাজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে হারতা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে স্থানীয় বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর অভিযান শুরু করে পুলিশ। পরে ভোররাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার ও তাঁর সহযোগী সিরাজকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গভীর নলকূপ স্থাপন, সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ এবং সংখ্যালঘু পরিবারের জমিতে বালু ভরাটসহ বিভিন্ন কাজে অর্থ দাবির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অডিও ও ভিডিও নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন