রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে। কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করছে রাসিক।
বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক।
উদ্বোধন শেষে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন তিনি। এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এ ছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটির সঙ্গে মিশে যাবে। প্রথমবারের মতো আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
রাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন ইনশাআল্লাহ।
এ সময় ড্রেনের ওপর পশু জবেহ না করতে এবং পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে। এটি রাসিক প্রশাসক মহোদয়ের একটি ইনোভেটিভ উদ্যোগ।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন