ঈদযাত্রায় ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: প্রতিমন্ত্রী রাজিব আহসান

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৮:১৮ পিএম
ঈদযাত্রায় ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: প্রতিমন্ত্রী রাজিব আহসান

দেশের অন্যতম নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। 

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি ফেরিঘাটে সুরক্ষা রেলিং বসানো হয়েছে। একটি ফেরিতে যতগুলো যানবাহন ধারণক্ষমতা রয়েছে, তার অতিরিক্ত কোনো যানবাহন কোনোভাবেই উঠতে দেওয়া হবে না। এ ছাড়া ফেরিতে ওঠার আগে যাত্রীদের যানবাহন থেকে নামিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের সচেতন করতে ঘাট এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে। এবারের ঈদযাত্রায় মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে এবং ঈদ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর