সমাজকল্যাণমন্ত্রী

কৃষকেরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান, সরকার সেই চেষ্টাই করছে

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:১৯ পিএম
কৃষকেরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান, সরকার সেই চেষ্টাই করছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার চায় কৃষকেরা যেন তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান। কোনো দালাল বা ফড়িয়া নয়, কৃষকেরা যাতে সরাসরি নিজেদের ফসল সরকারি খাদ্য গুদামে দিতে পারেন, সেজন্য অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নবাবগঞ্জ-বিরামপুর সার্কেল) মো. হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।

এ ছাড়া দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আকতার পপি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ১ মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এই অভিযানের সূচনা করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ২৭৫ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৪২৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে যান। সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণ করেন। একই সঙ্গে দুস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

জেএইচআর