সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, বিভিন্ন সময়ে নানা মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য আলোচিত ‘ভাইরাল সিদ্দিক’ এবার একটি মসজিদের দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সিদ্দিককে আটকে রেখে তাঁর শরীরে ও সঙ্গে থাকা জিনিসে তল্লাশি চালাচ্ছেন। একপর্যায়ে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বেঁধে রাখা একটি ব্যাগ থেকে একটি মসজিদের দানবাক্স উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই বাক্সটির ওপর স্পষ্ট অক্ষরে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল।
ভিডিওতে আরও দেখা যায়, পরিস্থিতি বেগতিক দেখে সিদ্দিক উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চাচ্ছেন এবং ঘটনাটি ভিডিও না করার জন্য বারবার অনুরোধ করছেন। তবে ক্ষুব্ধ জনতা তাঁর অনুরোধ উপেক্ষা করে চুরির বিষয়টি ক্যামেরায় ধারণ করেন এবং ব্যাগের ভেতর থাকা টাকা বের করে দেখান।
ভিডিওর শেষের দিকে উপস্থিত লোকজনকে সিদ্দিকের ব্যক্তিগত জীবন ও আয়-রোজগার নিয়ে নানা মন্তব্য করতে শোনা যায়। তাঁরা বলছিলেন, সিদ্দিক এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন এবং বিভিন্নভাবে মাসে লাখ লাখ টাকা আয় করেন, অথচ আজ তিনি চুরির মতো অপরাধ করতে গিয়ে ধরা খেলেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বির্তকিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন সিদ্দিক এবং একাধিকবার গণপিটুনির শিকারও হন তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন