ফরিদপুরের সালথায় এক মাদ্রাসাছাত্রীকে (৯) অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. খায়ের দাঈ (৩৫)। তিনি সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মমিন দাঈয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি দুই সন্তানের জনক।
ভুক্তভোগী শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় খায়ের রামদা দিয়ে তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
স্থানীয়রা জানান, বাগানের ভেতর ঘটনাটি দেখে ফেলে এলাকার লোকজন অভিযুক্ত খায়েরকে হাতেনাতে ধরে একটি ঘরে আটকে রাখেন। কিন্তু পরে সুযোগ বুঝে কৌশলে ঘর থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এই ঘটনায় অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ওই শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে খায়ের পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন