তালতলীতে ইউসিসিএ’র নতুন কমিটি গঠন, শপথ করালেন ইউএনও

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:১৪ পিএম
তালতলীতে ইউসিসিএ’র নতুন কমিটি গঠন, শপথ করালেন ইউএনও

বরগুনার তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ জাহিদুল ইসলাম।

তিন বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম মামুন এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ছগির হোসেন। এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. জসীমউদ্দীন সিকদার, মো. নাসির উদ্দিন দফাদার, মো. আলমগীর হোসেন ও মো. জাফর হাওলাদার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের সততা, জবাবদিহিতা ও সমবায়ের মূলনীতি অনুসরণ করে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায়ের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য, সঞ্চয় ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়।

নবনির্বাচিত সভাপতি মো. সাইফুল ইসলাম মামুন বলেন, সদস্যদের আস্থা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউসিসিএ পরিচালনা করা হবে। তিনি সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও আমতলী উপজেলা সমবায় অফিসার মো. আজাদুর রহমান, তালতলী উপজেলা সমবায় অফিসের ফিল্ড অফিসার কমল হাওলাদার এবং জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. প্রীতিয়ান ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এএন