স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে বিদ্যুতের ডাবল লাইন দেওয়া হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:০৫ পিএম
সরকারি হাসপাতালে বিদ্যুতের ডাবল লাইন দেওয়া হবে

সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যায় রোগীসেবায় যেন বিঘ্ন না ঘটে, সে জন্য প্রতিটি হাসপাতালে পৃথক দুটি বিদ্যুৎ লাইনের (ডাবল ফিডার) সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।।

বুধবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ৫০ শয্যার হাসপাতালগুলোতে ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় সেবা দিতে চাপ তৈরি হচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় এসব হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। সে জন্য স্বাস্থ্য খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং রোগীদের সেবার মান ঘুরে দেখেন। তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাথরুমের অবস্থা এবং রোগীদের খাবার প্রস্তুত ও পরিবেশনের মানও পর্যবেক্ষণ করেন।

এ সময় স্থানীয় অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, এস এম আরিফুর রহমান এবং হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম জি