বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঈদে দেশের কোথাও কোনো লোডশেডিং হবে না। বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন রয়েছে এবং কোনো ঘাটতি নেই। তবে কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সাময়িক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে স্থানীয়ভাবে কিছু বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তা দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা সার্বক্ষণিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কুরবানির তাৎপর্য তুলে ধরে অমিত বলেন, মুসলমানরা শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করবে না, বরং এর পাশাপাশি নিজেদের ভেতরের মনের পশুত্বকেও কুরবানি করবে।
যশোরে ঈদের এই প্রধান জামাতে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
প্রধান জামাতে খুতবা পাঠ করেন বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মান্নান। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও চিরস্থায়ী শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন