প্রায় ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০২৬, ১০:২৯ পিএম
প্রায় ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী একটি ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেলে লাউয়াছড়া রেলপথের বনাঞ্চল এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এই আকস্মিক দুর্ঘটনার কারণে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। ফলে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

স্বপন নামের এক সিলেটগামী ট্রেনযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় চার ঘণ্টা ধরে স্টেশনে বসে আছি। ট্রেন কখন ছাড়বে তার কোনো সঠিক তথ্য পাচ্ছিলাম না। সড়কপথের মতো এখন রেলপথেও একই রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আখাউড়া ও কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলেফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার নিরলস চেষ্টায় লাইনচ্যুত বগিটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর রেললাইন মেরামত ও নিরাপদ ঘোষণা করা হলে রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এর মধ্য দিয়ে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

শ্রীমঙ্গল রেলস্টেশনের কর্মকর্তা জানান, বগি লাইনচ্যুত হওয়ার কারণে স্টেশনে সাময়িক যাত্রী জটলা তৈরি হয়েছিল এবং সিলেটগামী যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন। তবে উদ্ধার কাজ শেষ হওয়ায় বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে।

জেএইচআর