কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা-মা দুজনেই দিনমজুর। সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান।
এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে দৌড়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনাটি জানায়। পরে শিশুটির মা-বাবা ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেন।
খবর পেয়ে রাজিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া জানান, আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন