পঞ্চগড়ের বোদায় ইয়াবা সেবনের দায়ে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসানসহ তিনজনকে আটক করেছে বোদা থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। এ সময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই তহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত ফরিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াবা সেবনের সময় রশিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রধানপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মামুন হাসান এবং বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের রাজকুমারের ছেলে বিষ্ণুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের পঞ্চগড় জেলা হাজতে পাঠানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন