ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে ব্যাংকটির চাঁদপুর কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সবুজ খানের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজসেবক জাহাঙ্গীর আলম প্রধান, ব্যাংকের প্রতিষ্ঠাকালীন গ্রাহক ও শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী এবং সমাজসেবক আলমগীর হোসেন বন্দুকসী।
বক্তারা বলেন, দেশের ১৮ কোটি মানুষের আস্থা হচ্ছে ইসলামী ব্যাংক। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকটি এস আলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের মাধ্যমে লুটপাট করেছে। ব্যাংকটি অনেকটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি আবার যোগ্য কর্মকর্তাদের হাতে ফিরে পূর্বের অবস্থানে ফিরতে সক্ষম হয়।
তারা বলেন, এখন আবার ব্যাংক থেকে বহিষ্কৃত লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হচ্ছে। এই চেয়ারম্যানকে কোনো গ্রাহকই মেনে নেবে না। সরকারের প্রতি অনুরোধ জানানো হয় ব্যাংকটিতে যাতে হস্তক্ষেপ না করা হয়। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সুধী, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন