ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা, স্বজনদের বাধা পেরিয়ে পুলিশের তৎপরতা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:০৭ পিএম
ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা, স্বজনদের বাধা পেরিয়ে পুলিশের তৎপরতা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজওয়ান ওরফে হীরা (৩৫) ওই গ্রামের মৃত গোলাম মোস্তফা গনির ছেলে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হীরা একই গ্রামের সৌদি প্রবাসী আপন মিয়ার বাড়িতে রাত্রি যাপন করার জন্য সোমবার রাত ১১টার দিকে ঘরে প্রবেশ করেন। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন হীরাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সকাল প্রায় ১১টার দিকে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও এসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হীরাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার উদ্যোগ নিলে নিহতের স্ত্রী, মা ও বোনসহ স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তাঁরা মরদেহ জোর করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেনের সহযোগিতায় পুলিশ মরদেহ থানায় নিয়ে যেতে সক্ষম হয়।

সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর