সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে সায়দাবাদ–এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামের বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগরা হেজুলতলা গ্রামের বছির উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৫৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৪০) এবং অটোরিকশাচালক মো. নূর (৪৫)। গুরুতর আহত হয়েছেন মোতালেব হোসেনের মেয়ে তামান্না খাতুন (১৬)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই মোতালেব হোসেন ও চালক নূরের মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, আঞ্চলিক সড়কে বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন