পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার (৫ জুন) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ওই ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির কঠোর অবস্থান ও সীমান্তবর্তী গ্রামবাসীর সহায়তায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই ১০ জনকে শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।
এ বিষয়ে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তারা শূন্যরেখার ওপারেই অবস্থান করছে। বিষয়টি নিয়ে বর্তমানে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক চলছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন