সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইট পরিবহনকারী ট্রাক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৩৮), তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেছে। ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের কে.ভি অটোবিক্স থেকে দিরাইয়ে ইট দিয়ে ট্রাক নিয়ে ইটভাটায় ফিরছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। দিরাই থেকে শরিফপুরে আসার সময় সুনামগঞ্জ-দিরাই সড়কের সুজানগর এলাকায় হঠাৎ করে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
এ সময় ট্রাকটি দ্রুতগতিতে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের ভেতরেই মারা যান ম্যানেজার আনোয়ার হোসেন। ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিরাই-সুনামগঞ্জ সড়কের সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন