চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ফাতেমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার পশ্চিম আলোনিয়া গ্রামের ব্যবসায়ী মো. স্বপনের মেয়ে এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েত গ্রামের কাতারপ্রবাসী মেহেরাজের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ফাতেমা কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতঘরের একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফাতেমার বাবা মো. স্বপন জানান, প্রায় ছয় মাস আগে কাতারপ্রবাসী মেহেরাজের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। ঈদের ছুটি উপলক্ষে সে বাবার বাড়িতে অবস্থান করছিল। হঠাৎ এমন ঘটনায় পরিবার শোকাহত ও হতবাক। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন