ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট চত্বর থেকে র্যালি শুরু হয়ে এলজিইডি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মশা নিধন, খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদার করতে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে পারে। তাই প্রতিটি নাগরিক তার নিজ দায়িত্বে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নাগরিক সচেতনতাই এডিস মশার বংশবিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় পানি জমতে দেওয়া যাবে না।
এসময় জেলা প্রশাসন প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে রাজনৈতিক, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন