জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে দালালচক্রের প্রতারণার শিকার হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার যুবক মাইন উদ্দিন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন থেকে মাইন উদ্দিনসহ যুদ্ধক্ষেত্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত উদ্ধার এবং তাদের বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত দালালচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের মসজিদবাড়ির আব্দুর রহিমের বড় ছেলে মাইন উদ্দিন প্রায় তিন মাস আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ৩০ সদস্যের একটি দলের সঙ্গে রাশিয়ায় যান। তাদের জানানো হয়েছিল, সেখানে একটি ঠিকাদারি নির্মাণ প্রতিষ্ঠানে (কনস্ট্রাকশন ফার্ম) কাজের সুযোগ রয়েছে। চাকরির আশ্বাসে বিপুল অর্থ ব্যয় করে তারা বিদেশে পাড়ি জমান।
অভিযোগ রয়েছে, রাশিয়ায় পৌঁছানোর পর ওই দলটিকে নিয়োগকারী দালালচক্র প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে মাইন উদ্দিনসহ বাংলাদেশি যুবকদের অল্প সময়ের সামরিক প্রশিক্ষণ দিয়ে রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধ এলাকায় পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে মাইন উদ্দিন ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সে সময় তিনি যুদ্ধক্ষেত্রে তাদের ভয়াবহ দুর্দশার কথা তুলে ধরেন। মাইন উদ্দিন জানান, তারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। খাদ্য ও আবাসনের সংকটের পাশাপাশি প্রতিনিয়ত গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে তাদের। মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার দৃশ্য দেখেই দিন কাটছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন।
স্বজনদের দাবি, ছেলের এমন করুণ পরিস্থিতির খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন মাইন উদ্দিনের বাবা আব্দুর রহিম। শোক ও উদ্বেগ সহ্য করতে না পেরে কয়েকদিন আগে তিনি স্ট্রোক করে মারা যান। পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সোহেল খান, হাসান আল মামুন, নবীর হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, “কর্মসংস্থানের আশায় বিদেশে যাওয়া নিরীহ যুবকদের প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো মানবতার বিরুদ্ধে অপরাধ। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে মাইন উদ্দিনসহ আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে।”
তারা আরও বলেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা দালালচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার না হয়।
এদিকে মাইন উদ্দিনের পরিবার ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবে এবং যুদ্ধক্ষেত্রে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন