ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে প্রথমে আলোচনা সভা এবং পরে র্যালি বের হয়। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন করেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
এসময় বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. লোকমান হাকিম এবং জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী। আলোচনা সভায় বক্তারা আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ যাতে ছড়াতে না পারে সেজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তারা মশা নিধনে জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে আমাদের বাঁচতে হবে, নগরবাসীকে বাঁচাতে হবে। এসময় তিনি বরিশাল সিটি কর্পোরেশন এলাকাকে জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি ৩০ দিন একটি করে ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর কথা জানান প্রশাসক। পরে নগরীতে একটি র্যালি বের হয়।
র্যালিতে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা, বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালি থেকে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন